চাঁপাইনবাবগঞ্জে ১০টি ককটেল ও ৫ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে অভিযান চালিয়ে ১০টি ককটেল ও ৫ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে মহারাজপুর এসমা কলেজ সংলগ্ন একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

বুধবার র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাত সোয়া ৯ টার দিকে ওই আম বাগানে অভিযান চালায়। এ সময় একটি ব্যাগে থাকা ১০টি ককটেল উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি পলিথিন ব্যাগে ২ দশমিক ৮ কেজি গান পাউডার ও ২ দশমিক ১৫ কেজি কালো বারুদ সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

তবে ঘটনাস্থলের আশেপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। নাশকতা সৃষ্টির জন্য দুষ্কৃতিকারীরা এগুলো সংরক্ষণ করে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।