আজকের চাঁপাই | আপডেট: 5:33 AM, September 23, 2026
চাঁপাইনবাবগঞ্জে নিঃসন্তান দম্পতি লালন-পালনের জন্য ১১ মাসের শিশুকে অপহরণ; গ্রেফতার ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কাছ থেকে ছিনিয়ে নেয়া ১১ মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ছিনিয়ে নেয়ার ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ বলছে- ১১ মাসের ওই শিশুকে লালন-পালনের জন্য ‘অপহরণ করে’ এক নিঃসন্তান দম্পত্তি। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজ কার্যালয়ের এ সংবাদ সম্মেলনে এ সব তথ্য নিশ্চিত করেছেন। অপহৃত ওই শিশুর নাম নাফিজ হোসেন। সে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের রুবেল হোসেনের ছেলে।
অন্যদিকে গ্রেপ্তারকৃতরা হলেন- হাজারবিঘী গ্রামের মো. মানিকুজ্জামান ও তার স্ত্রী সুজিআরা বেগম। মানিক ও সুজিয়ারা উভয়েই দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন।
পুলিশ সুপার বলেন- সোমবার দুপুরে নাফিজকে নিয়ে স্থানীয় একটি বাজারে যান তার চাচাত বোন শিরিন খাতুন। এ সময় সুজিআরা বেগম বোরকা পরে এসে নাফিজকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরে নফিজের বাবা এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকা থেকে নাফিজকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় সুজিআরা ও মানিকুজ্জামানকে।
পুলিশ সুপার আরও বলেন, মানিকুজ্জামান ও সুজিআরা দম্পত্তি নিঃসন্তান ছিলেন। সন্তান লালনপালনের আকাঙ্খা থেকেই তারা নাফিজকে অপহরণ করে। অপহরণের পর ওই শিশুকে বিক্রি করে দেবে বা অন্য কোন খারাপ উদ্দেশ্য তাদের ছিলোনা। ভিকটিম শিশু হওয়ার কারণে এটিকে ‘মনুষ্য অপহরণ’ হিসেবে বিবেচনা করা হয় এবং এটি নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধন অধ্যাদেশ-২০২৫) এ দণ্ডনীয় অপরাধ।






