স্পেনের উদ্দেশ্যে FBCCI প্রতিনিধি দলের যাত্রা

বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং ইউরোপের সঙ্গে নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI)-এর একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে রয়েছেন FBCCI-এর প্রশাসক মো. ফজলুর রহমান, মহাসচিব মো. আলমগীরসহ দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা।

FBCCI প্রতিনিধি দলের এ গুরুত্বপূর্ণ সফরে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। প্রতিনিধি দলে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ও FBCCI-এর সদস্য আখতারুল ইসলাম রিমন এবং সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মো. আরিফ উদ্দিন ইতি।

আগামী ২৪ সেপ্টেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদে “Bangladesh: A Strategic Partner in the Global Economy” শীর্ষক আন্তর্জাতিক ব্যবসায়িক অনুষ্ঠানে অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় স্পেনের ব্যবসায়ী ও প্রাতিষ্ঠানিক প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ও মতবিনিময় অনুষ্ঠিত হবে।

এ সফরে ফ্রান্স চেম্বার এবং দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় ও ব্যবসায়িক সংযোগ তৈরির সুযোগ থাকবে। এর মাধ্যমে বাংলাদেশি ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরা এবং ইউরোপের বাজারে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন বাজার, বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারিত্বের সম্ভাবনা আরও বিস্তৃত হবে। বিশেষ করে ইউরোপের ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে বাংলাদেশি পণ্য ও সেবার আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালীভাবে তুলে ধরার লক্ষ্যেই FBCCI প্রতিনিধি দলের এ সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।