চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও গান পাউডার সদৃশ পদার্থ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গান পাউডার সদৃশ সাদা পাউডার, ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স(এসআরবি-৫)।শুক্রবার রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে এসব বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইনচার্জ মেজর মারুফুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর একটি আভিযানিক দল রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় সদর উপজেলার ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ কেজি ৮ গ্রাম গান পাউডার সদৃশ সাদা পাউডার, দুটি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উদ্ধার করা বিস্ফোরকগুলো দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা মজুত করে রেখেছিল বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।