আজকের চাঁপাই | আপডেট: 8:00 PM, November 23, 2026
সুলতানগঞ্জ নৌবন্দর পুনরায় চালুর লক্ষ্যে রাজশাহীতে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের বৈঠক
ঐতিহ্যবাহী সুলতানগঞ্জ নৌবন্দর পুনরায় চালুর লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আলোচনায় উঠে আসে, সুলতানগঞ্জ নৌবন্দরটি পুনরায় সচল হলে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে যেসকল পাথর আমদানি হয়, তার চেয়ে অনেক কম খরচে ও অল্প সময়ে পণ্য পরিবহন করা সম্ভব হবে। এর ফলে পরিবহন খরচ কমে আসার পাশাপাশি সময়ও সাশ্রয় হবে এবং উভয় দেশের ব্যবসায়ীরাই আর্থিকভাবে লাভবান হবেন। বন্দরটি চালুর ক্ষেত্রে বিদ্যমান অবকাঠামোগত ও প্রশাসনিক বিষয়গুলো নিয়েও উভয় পক্ষ বিস্তারিত মতবিনিময় করেন
আলোচনা সভায় বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাবেক সভাপতি কাজী সাহাবুদ্দীন, সংগঠনের সাবেক কার্যনির্বাহী সদস্য আলমগীর জুয়েল, সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল আওয়াল, সোনামসজিদ স্থলবন্দরের আমদানিকারক ও মেসার্স পারফেক্ট এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহা: তোহরুল ইসলাম।
বৈঠকে ভারতের পক্ষ থেকেও শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ অংশ নেন। আলোচনা শেষে উভয় দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ সুলতানগঞ্জ নৌবন্দরটি দ্রুততম সময়ের মধ্যে পুনরায় চালুর ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।






