আজকের চাঁপাই | আপডেট: 2:04 PM, November 24, 2026
চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে সারবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় ট্রাকচালককে আটক করা হয়েছে।
আটক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরের নওয়াপাড়া থেকে একটি ট্রাকভর্তি সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাটের বিসিআইসি ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই যশোর থেকে এসব সার আনা হয়েছিল। স্থানীয়ভাবেও ডিলার হুমায়ুন কবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সার কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এদিকে, সার জব্দের ঘটনার পর থেকেই হুমায়ুন কবির ও তাঁর ছেলে বাবু পলাতক রয়েছেন; সকাল থেকে তাঁদের দোকান ও মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে উদ্ধার করা ৭০০ বস্তা সার থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।






