চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী নিহত

শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলি (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকশা ইউনিয়নের পারচৌকা এলাকার একটি মাঠে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত টমাস আলি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের মো. মর্তুজা আলির ছেলে।

টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

ওসি মতিউর রহমান বাসসকে বলেন, নাশকতার উদ্দেশে পারচৌকা এলাকার একটি ভুট্টা খেতের পাশে ককটেল বানাচ্ছিলেন টমাসসহ আরও ৩/৪ যুবক। এসময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই মারা যান টমাস।

বাকিরা আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে ককটেল তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং ফরেনসিক দল ঘটনাস্থলে কাজ করছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।