নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৫৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নাচোল থানার সূর্যপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের আয়নাল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানা পুলিশের একটি চৌকস দল রোববার রাতে সূর্যপুর মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ গাঁজাসহ নজরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও দুই সহযোগী পালিয়ে যায়।
নাচোল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া, এই ঘটনার সাথে জড়িত পলাতক বাকি দুই আসামির নাম-ঠিকানা সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তাদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।