চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে শিকারিদের কাছ থেকে উদ্ধার করা ২৩টি টিয়া পাখি মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনিক তদারকিতে পাখিগুলো অবমুক্ত করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পালিয়ে যাওয়া শিকারিরা স্থানীয় অধিবাসী ছিলেন না, বরং অন্য জেলা থেকে এসে সেখানে পাখি শিকার করছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হোসাইন নাহিদ জানান, বন্যপ্রাণী রক্ষায় অভিযান চালিয়ে ২৩টি টিয়া পাখি উদ্ধার করা হয়। পরবর্তীতে পাখিগুলো উপজেলা পরিষদে নিয়ে আসা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রত্যক্ষ তত্ত্বাবধানে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।