আজকের চাঁপাই | আপডেট: 5:12 AM, September 22, 2026
চাঁপাইনবাবগঞ্জে স্বর্ণের চেইন বিক্রি করে আইফোন কিনতে আসা দুই মাদ্রাসা ছাত্র আটক
চাঁপাইনবাবগঞ্জে পরিবারের অজান্তে স্বর্ণের চেইন বিক্রি করে পাওয়া মোটা অংকের টাকা নিয়ে আইফোন কিনতে গিয়ে দোকানদারের বুদ্ধিমত্তায় ধরা পড়েছে দুই মাদ্রাসা ছাত্র। সোমবার সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের ‘মা-বাবার দোয়া টেলিকম এন্ড মোবাইল শো-রুমে’ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বিষয়টি জানার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সত্যতা যাচাইবাচাই করার জন্য একদিনের সময় দিয়েছে।
মা-বাবার দোয়া টেলিকম এন্ড মোবাইল শো-রুমের স্বত্বাধিকারী আব্দুল আলিম জানান, মাদ্রাসা ছাত্র পরিবারের সদস্যদের না জানিয়ে গোপনে একটি স্বর্ণের চেইন বিক্রি করে। পরবর্তীতে সেই চেইন বিক্রির টাকা নিয়ে রামচন্দ্রপুর হাটের ‘মা-বাবার দোয়া টেলিকম এন্ড মোবাইল শো-রুমে’ দুটি আইফোন কিনতে আসে। অপ্রাপ্তবয়স্ক দুই মাদ্রাসা ছাত্রের কাছে দুটি দামি আইফোন কেনার মতো বিপুল পরিমাণ টাকা দেখে দোকান মালিকের মনে সন্দেহের দানা বাঁধে।
তাৎক্ষণিকভাবে তাদেরকে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন দোকান মালিক। প্রথমে ওই ছাত্র টাকার উৎস নিয়ে বিভিন্ন তালবাহানা ও অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। একপর্যায়ে নদীর ঘাটে নৌকার উপর থেকে স্বর্ণের চেইনটি কুড়িয়ে পেয়েছিল এবং সেটি বিক্রি করেই তারা এই টাকা সংগ্রহ করেছে। তবে কুড়িয়ে পাওয়ার অজুহাতে সন্তুষ্ট হতে পারেননি দোকান মালিক।
বিষয়টি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হলে স্থানীয় লোকজন ও ওই মাদ্রাসা ছাত্রদের পরিবারকে বিষয়টি জানানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে স্বর্ণের চেইনটি চুরি বা আত্মসাৎ করে তারা মোবাইল কিনতে এসেছিল।
স্বর্ণের চেইনের প্রকৃত মালিক কে এবং দুই মাদ্রাসা ছাত্রের দাবির সত্যতা কতটুকু, তা স্থানীয়ভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইবাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সত্যতা অনুসন্ধানের জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে একদিনের সময় দেওয়া হয়েছে।






