চাঁপাইনবাবগঞ্জে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে যুবদলের মিছিল ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশেকে অস্থিতিশীল করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শহরের ফুড অফিস মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিল থেকে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক হোসেন ও সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন- এ মিছিলে নেতৃত্ব দেন।

সামাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ। দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার জন্য কোনো অপশক্তির ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা বাংলার মাটিতে সফল হতে দেওয়া হবে না। তারা অভিযোগ করেন, পতিত স্বৈরাচারী শক্তি দেশকে আবারও অশান্ত করার জন্য পর্দার আড়াল থেকে পরিকল্পিতভাবে সন্ত্রাসী তৎপরতা চালানোর নীল নকশা করছে।

বক্তারা আরও বলেন, যুবদলের নেতাকর্মীরা রাজপথে সবসময় পাহারাদারের ভূমিকা পালন করবে। যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজপথেই এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের মানুষের মৌলিক অধিকার, শান্তি এবং নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই নিয়মতান্ত্রিক আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য শওকত আলী, হামিদুর রহমান, মোহাম্মদ ইউসুফ, মোঃ আব্দুল্লাহ, মোহাম্মদ শামসুল, হৃদয় হোসেন শাওন, মনজুরুল আলম রেন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।