চাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেলসহ ইদুল আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে। মোটরসাইকেল চুরির এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের খুঁজছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার দুপুরে এই অভিযানের বিস্তারিত জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। গ্রেপ্তারকৃত ইদুল আলী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকার মোস্তফা আলীর ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির একটি বড় চক্রের সন্ধান পেয়ে ভোরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে কালিগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে সন্দেহভাজন ইদুল আলীকে আটক করা হয় এবং পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন মডেলের ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, আটককৃত ইদুল আলীকে থানায় রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির এই চক্রটির সাথে জড়িত আরও ৪ থেকে ৫ জন সহযোগীর নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।