আজকের চাঁপাই | আপডেট: 12:58 PM, September 24, 2026
চাঁপাইনবাবগঞ্জে বিয়ে করতে চান না ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, হাজির হলেন ইউএনও অফিসে
ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে দিতে চায় তার পরিবার। কিন্তু এই বয়সে বিয়ে করতে চান না ওই ছাত্রী। বরং পড়ালেখা করে চাকরি করতে চান পুলিশে। তাই হাজির হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে। মেয়েটির মুখ থেকে সব কথা শোনে মুগ্ধ হলেন ইউএনও। দায়িত্ব নিলেন ওই শিক্ষার্থীর পড়াশোনার।
বৃহস্পতিবার এমনই এক ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। ওই শিক্ষার্থীর বাড়ি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের একটি গ্রামে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তিনি।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী ইউএনও অফিস চিনতো না। সে প্রথমে থানায় যায়, এরপর আসে আমার কার্যালয়ে। আমি তার সব কথা মনোযোগ দিয়ে শোনলাম। মেয়েটি ষষ্ঠ শ্রেণীতে পড়লেও তার চিন্তা-ভাবনা অনেক পরিণত। সে গুছিয়ে কথা বলতে পারে। তার কথা আমার ভালো লাগে।
ইউএনও বলেন, পরে তার পরিবারের সদস্যদের ডাকা হয়। ডাকা হয় স্থানীয় ইউপি চেয়ারম্যানকেও। চেয়ারম্যানের উপস্থিতিতে ওই শিক্ষার্থীর পরিবারকে বিষয়টি বোঝানো হয়। তারা ওই শিক্ষার্থীর বিয়ে না দিতে সম্মত হয়। পরে শিক্ষার্থীকে লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য নগদ অর্থ, প্রয়োজনীয় বই, ব্যাগ ও পোশাক কিনে দেওয়া হয়।
মাজহারুল ইসলাম আরও বলেন, পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীকে সহযোগিতা করবে উপজেলা প্রশাসন। আমি চলে গেলেও সে ব্যবস্থা করে দিয়ে যাবো।
শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ওই শিক্ষার্থীর বাবা নেই। তাদের জায়গা-জমিও নেই। তার আরেকটি বোন আছে কিন্তু ভাই নেই। মা অন্যের বাড়িতে কাজ করে কোন রকমে সংসার চালায়। এরপরও মেয়েটির খুবই ইচ্ছা পড়াশোনা করার।
ইউএনও মহোদয় তার জন্য যা করেছেন সেটি অত্যন্ত প্রশংসার। আমিও ওই শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে নিয়ে সহযোগিতা করবো। আমি চাই সে তার স্বপ্ন পূরণ করুক।






