চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকা ফেটে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হড়মা ঘাট এলাকায় বালুবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে আবুল আক্তার (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দেবীনগর ইউনিয়নের হড়মা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল আক্তার সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হড়মা ঘাট এলাকায় ট্রাক্টরে বালু বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন আবুল আক্তার। এ সময় ট্রাক্টরের সামনের একটি চাকা ফেটে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।