আজকের চাঁপাই | আপডেট: 9:06 AM, September 25, 2026
চাঁপাইনবাবগঞ্জে আমেরিকান পিস্তল ও গুলিসহ দুজন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-পণ্ডিতপাড়ার মৃত আফসার আলীর ছেলে মো. রফিকুল ইসলাম ও তারাপুর-মোড়লপাড়ার মো. জাহাঙ্গীরের ছেলে মো. রুবেল ওরফে ডলার।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বেলা ৩ টার দিকে সাহাপাড়া বাজারে অভিযান চালায়। এ সময় একটি মার্কেটের পেছন থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ রফিকুল ও রুবেলকে আটক করা হয়। অস্ত্র ও গুলি রফিকুলের কোমরে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। ওই অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।






