আজকের চাঁপাই | আপডেট: 8:48 AM, September 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করে জেলা পরিষদ।
জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হারুনুর রশীদ বলেন, শিক্ষার্থীদের সহায়তার জন্য জেলা পরিষদের অর্থ বরাদ্দ রাখা হয়েছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আবেদন পেলে সঙ্গে সঙ্গে সহায়তা করা হবে। আমার জেলায় একজন শিক্ষার্থীরও যেন অর্থাভাবে লেখাপড়া বন্ধ হয়ে না যায়, সেই ব্যবস্থা করেছি আমরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মেডেল, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।






