চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ; আহত ৩

চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুটি ককটেল বিস্ফোরণে ৩ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল পৌনে ৯ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখটোলা পিয়নপাড়া এলাকায় এসব তাজা ককটেল উদ্ধার করা হয়। আহতরা হলেন, সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সুমেল, রামচন্দ্রপুরহাট গোটিপাড়ার এলামের ছেলে আব্দুল হামিদ ও হঠাৎপাড়া গুচ্ছ গ্রামের জুলির ছেলে কাজল আলী।

জানা যায়, দীর্ঘদিন ধরে মহারাজপুর শেখটোলা ও কবিরাজপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওদুদ মহরিল ও সাবেক ইউপি সদস্য জালাল মেম্বারের মধ্যে। সাম্প্রতিক সময়ে একাধিকবার বিরোধে জড়ায় তারা। শুক্রবার সকালে উভয় পক্ষ ককটেল ও বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর প্রস্তুতিকালে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে। এসময় দৌঁড়ে পালাতে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ হয়। ককটেল হাতে থাকা অবস্থায় বিস্ফোরণে কারনে একজনের হাতের একাংশ বিছিন্ন হয়ে গেছে। ঘটনার পর ওই এলাকা থেকে পুলিশ আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, দীর্ঘদিন ধরেই ওদুদ মহরীল ও জালাল মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এবার ছোট্ট বিষয়কে কেন্দ্র করেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুটি ককটেল বিস্ফোরণ হলেও বাকি ১১টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।