চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ‘ডেঙ্গুর রেড জোন’ ঘোষণার দাবি চেম্বার সভাপতির

চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস মহামারির সময়ের তুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকাকে ‘ডেঙ্গুর রেড জোন’ ঘোষণার পাশাপাশি ঢাকা থেকে ১৫ থেকে ২০ জন ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল পাঠানোর দাবি জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি জানান তিনি।

আব্দুল ওয়াহেদ বলেন, প্রায় দুই বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। গত কয়েক মাসে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। বর্তমানে পৌর এলাকার বিভিন্ন বাড়িতে ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছেন। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ডেঙ্গুতে চেম্বারের সদস্য ও ব্যবসায়ী ওবাইদুল আজিম রিংকুসহ ৭৫-৮০ জন মারা গেছেন।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারির সময়ও চাঁপাইনবাবগঞ্জ শহরে এত মানুষের মৃত্যু হয়নি বলে তাদের ধারণা। ডেঙ্গুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা স্বাস্থ্য বিভাগের তথ্যে পুরোপুরি উঠে আসছে না বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য, প্রায় ৮০ শতাংশ রোগী বাড়িতে থেকে অথবা বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া রোগীদের কেউ সেখানে মারা গেলে সেই তথ্যও জেলার স্বাস্থ্য বিভাগের হিসাবে যুক্ত নাও হতে পারে। তিনি বলেন, পৌর এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিকে ডেঙ্গুর বিস্তারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন আব্দুল ওয়াহেদ।

তিনি আরও বলেন, স্থানীয় পৌরসভায় বর্তমানে কোনো জনপ্রতিনিধি না থাকায় শহরের বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা জমে থাকছে। প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ড্রেনেজসহ উন্নয়নকাজ চললেও যথাযথ তদারকির অভাবে কোথাও কোথাও খনন করা খাল বন্ধ করা হচ্ছে না। এসব খালে পানি ও ময়লা জমে মশার প্রজনন বাড়ছে।

এসময় উপস্থিতি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অয়ান্ডের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, পরিচালক মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন ইতি, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রফিকুল আলমসহ অন্যরা।