চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুসকান আরা মিম নামে ১৬ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ড. মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত মুসকান আরা মিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মাহবুব আলমের মেয়ে।

ড. মাহবুব হাসান বলেন, মুসকান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার দিবাগত রাত একটার দিকে হাসপাতালে ভর্তি হয়। হাসাপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তার চিকিৎসা চলছিলো। বৃহস্পতিবার রাতে তার অবস্থার অবনতি হয় এবং কিছুক্ষণের মধ্যেই মারা যায়।

এদিকে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন জানিয়েছে, জেলা হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬১ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে শুধু জেলা হাসপাতালেই ৫৫ জন। পূর্বের ভর্তি হওয়া রোগী মিলিয়ে হাসপাতাল ও স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি আছেন মোট ৯৯ জন।