চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের চাঁপাই’

চাঁপাইনবাবগঞ্জে তথ্যপ্রযুক্তির এই যুগে দ্রুত ও সঠিক সংবাদ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের চাঁপাই’। বুধবার বিকেল সাড়ে ৪টায় শহরের কাঁঠাল বাগিচায় পোর্টালটির নিজস্ব কার্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের চাঁপাই পত্রিকার সম্পাদক ও প্রকাশক বারিউল ইসলাম।

ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির সভাপতি এডভোকেট মোহা: সোলাইমান বিশু, পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, আলোকিত গৌড় অনলাইন পত্রিকার প্রকাশক এডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইন সংবাদমাধ্যমের ভিড়ে এই পোর্টালটি তার নিজস্ব স্বকীয়তা বজায় রাখবে। চাঁপাইনবাবগঞ্জের লোকজ ঐতিহ্য, সংস্কৃতি, গ্রামীণ অর্থনীতি এবং অবহেলিত মানুষের নানা সমস্যার কথা তুলে ধরতে এটি অগ্রণী ভূমিকা পালন করবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পোর্টালটি জেলার মানুষের মুখপত্র হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমন্ত্রিত অতিথিরা।

এসময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, ব্যবসায়ী শামসুল হক গানু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক কর্মচারি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাবেক কাউন্সিলর মাইদুল ইসলাম, আহসান হাবিবসহ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে কেক কেটে নিউজ পোর্টালটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।