সার পাচার চেষ্টার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে ডিলারকে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে সার পরিবহন করে পাচারের চেষ্টার অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জারিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। একই ঘটনায় নসিমন চালককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় ৮০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সার ডিলার হলেন মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজ । অপর দণ্ডপ্রাপ্ত নসিমন চালক মো. মতিন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তারা স্বেচ্ছায় দোষ স্বীকার করলে তাদের এ দণ্ড দেয়া হয়। অভিযানে জব্দ করা ৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পরে সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার শর্তে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলীর জিম্মায় দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক নাহিদ। তিনি জানান, গোলাম শাহনেওয়াজের বিসিআইসি সার ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।