আজকের চাঁপাই | আপডেট: 1:14 PM, November 10, 2026
কী খেলে গর্ভের শিশুর ওজন বাড়বে
গর্ভাবস্থায় মায়ের খাবারের ধরন শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় শুধু বেশি খাবার খাওয়াই নয়, বরং পর্যাপ্ত প্রোটিন, আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন, স্বাস্থ্যকর চর্বি ও অন্যান্য পুষ্টি উপাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
গর্ভের শিশুর ওজন শুধু মায়ের খাবারের ওপর নির্ভর করে না বরং মায়ের স্বাস্থ্য, গর্ভকাল, প্লাসেন্টার কার্যক্রম এবং অন্যান্য শারীরিক কারণও এর সঙ্গে জড়িত। তাই আল্ট্রাসনোগ্রামে শিশুর ওজন কম মনে হলে নিজের মতো করে অতিরিক্ত খাবার বা সাপ্লিমেন্ট না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
প্রোটিনসমৃদ্ধ খাবার
শিশুর কোষ, পেশি ও বিভিন্ন টিস্যু গঠনে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গর্ভাবস্থায় নিয়মিত মাছ, ডিম, মুরগি, ডাল, মটরশুঁটি, সয়াবিন, বাদাম ও অন্যান্য স্বাস্থ্যকর প্রোটিনের উৎস থেকে খাবার গ্রহন করা যেতে পারে।
ফল ও সবজি
বিভিন্ন ধরনের ফল ও সবজিতে ভিটামিন, খনিজ ও খাদ্যআঁশ থাকে। এগুলো মায়ের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করে এবং পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেও সাহায্য করে। কলা, পেয়ারা, কমলা, আপেলসহ মৌসুমি ফল এবং বিভিন্ন ধরনের শাকসবজি এ তালিকায় রাখা যেতে পারে। ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি।
গর্ভাবস্থায় কতবার আল্ট্রাসনোগ্রাম করা উচিত
দুধ ও দুগ্ধজাত খাবার
দুধ, দই ও পনিরের মতো খাবার ক্যালসিয়ামের ভালো উৎস। গর্ভাবস্থায় শিশুর হাড় ও দাঁতের বিকাশে ক্যালসিয়াম প্রয়োজন। যারা দুধ বা দুগ্ধজাত খাবার খেতে পারেন না, তারা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শে বিকল্প উৎস বেছে নিতে পারেন।
ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী পরীক্ষা ও সাপ্লিমেন্টের পরামর্শ দিতে পারেন।
গোটা শস্য
লাল বা বাদামি চাল, আটার রুটি, ওটসসহ গোটা শস্যে খাদ্যআঁশ ও বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়া যায়। এগুলো সুষম খাদ্যতালিকার অংশ হিসেবে রাখা যেতে পারে।
আয়রন ও ফলিক অ্যাসিড
গর্ভাবস্থায় আয়রনের চাহিদা বেড়ে যায়। আয়রনের ঘাটতি হলে রক্তস্বল্পতা হতে পারে, যা মা ও গর্ভের শিশুর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ডাল, শাকসবজি, মাংস, ডিমসহ আয়রনসমৃদ্ধ খাবার খাওয়া এ অবস্থায় গুরুত্বপূর্ণ । তবে শুধু খাবারের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় আয়রন ও ফলিক অ্যাসিড ঔষধ ও গ্রহণ করা লাগতে পারে।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড
শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কম পারদের মাছ, আখরোট ও কিছু বীজজাতীয় খাবার থেকে এটি পাওয়া যেতে পারে। তবে গর্ভাবস্থায় মাছ বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বেশি পারদযুক্ত কিছু মাছ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
পুরুষের উত্থান ত্রুটি কেন হয়?
পর্যাপ্ত পানি পান
গর্ভাবস্থায় পর্যাপ্ত তরল গ্রহণ জরুরি। পানি শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে এবং পানিশূন্যতা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সবার পানির প্রয়োজন এক নয়। তৃষ্ণা, আবহাওয়া, শারীরিক পরিশ্রম এবং চিকিৎসাজনিত অবস্থার ওপর প্রয়োজনীয় পানির পরিমাণ নির্ভর করতে পারে।
যেসব খাবারে সতর্ক থাকবেন
গর্ভাবস্থায় খাদ্য নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সাধারণভাবে এড়িয়ে চলা বা সতর্কতার সঙ্গে খাওয়ার বিষয়গুলোর মধ্যে রয়েছে—
কাঁচা বা কম সেদ্ধ ডিম
কাঁচা বা কম সেদ্ধ মাংস ও মাছ
অপাস্তুরিত দুধ বা দুগ্ধজাত খাবার
ভালোভাবে না ধোয়া ফল ও সবজি
অতিরিক্ত পারদযুক্ত মাছ
অতিরিক্ত ভিটামিন এ-সমৃদ্ধ কিছু খাবার বা সাপ্লিমেন্ট
অ্যালকোহল
কাঁচা বা আধাপাকা পেঁপে নিয়ে নানা ধরনের প্রচলিত ধারণা থাকলেও গর্ভাবস্থায় যেকোনো খাবার নিয়ে সন্দেহ থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই নিরাপদ। শিশুর ওজন কম মনে হলে কী করবেন?
গর্ভের শিশুর ওজন নির্ধারণে আল্ট্রাসনোগ্রামের মাপ ব্যবহার করা হয়, তবে সেটি সবসময় নিখুঁত নয়। শিশুর বৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম হলে এর কারণ খুজে দেখা জরুরি। শুধু বেশি খাওয়া বা বেশি মিষ্টি খেয়ে শিশুর ওজন বাড়ানোর চেষ্টা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন হলে চিকিৎসক মায়ের খাবার, ওজন বৃদ্ধি, রক্তস্বল্পতা, রক্তচাপ এবং শিশুর বৃদ্ধির ওপর নজর রাখবেন।
সুষম খাবার, প্রয়োজনীয় সাপ্লিমেন্ট, পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত প্রসবপূর্ব স্বাস্থ্যপরীক্ষাই সুস্থ গর্ভাবস্থার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।






