আজকের চাঁপাই | আপডেট: 1:11 PM, November 10, 2026
আসাদ নূরই পারশার বর, লাইভে এসে স্বীকারোক্তি
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে ব্লগার আসাদ নূরের বিয়ের আলোচনা ও সমালোচনা অবশেষে সত্যি হলো। ইউটিউব লাইভে এসে নিজের বিয়ের বিষয়টি স্বীকার করেছেন আলোচিত এই ব্লগার। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে বিয়ের বিষয়টি প্রকাশ করেন তিনি।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে আসাদ নূর জানান, পারশাকে বিয়ে করার সিদ্ধান্তটি তারা পরিকল্পিতভাবেই নিয়েছেন। সমাজের প্রচলিত ট্যাবু ভাঙা এবং মানুষের প্রতিক্রিয়া যাচাই করতেই বিয়ের বিষয়টি ঘিরে একধরনের কৌতূহল তৈরি করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
আসাদ নূরের ভাষ্য, পাঞ্জাবি, শাড়ির আঁচল ও ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু ক্লু ইচ্ছাকৃতভাবে সামনে রাখা হয়েছিল। পাশাপাশি ছবি আড়ালে রাখা এবং পরে কিছুটা নীরবতা বজায় রাখার মধ্য দিয়ে মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছেন তারা। ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে অতিরিক্ত আগ্রহী মানুষ, বিশেষ করে ধর্মীয় গোঁড়ামি ও উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রচলিত ধারণায় নাড়া দেওয়াই ছিল এর অন্যতম উদ্দেশ্য।
বিয়ের পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে আসাদ নূর জানান, ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ আইনে বিয়ের জন্য কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়নি বলে উল্লেখ করেন তিনি।
বিভিন্ন রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও নাকচ করেন আসাদ নূর। তিনি দাবি করেন, তিনি ও পারশা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দল বা সংস্থার কাছ থেকে তারা বা তাদের পরিবার কোনো অর্থ বা অনুদান নেননি।
পারশার রাজনৈতিক ও সাংস্কৃতিক ভূমিকার প্রসঙ্গে আসাদ নূর বলেন, জুলাই আন্দোলনের সময় পারশা ‘পোস্টার গার্ল’ ছিলেন। ‘চলো ভুলে যাই’ গানেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ৫ আগস্টের পর ক্ষমতার মোহে না জড়িয়ে তিনি জুলাইপন্থীদের সঙ্গেই যুক্ত ছিলেন বলে উল্লেখ করেন আসাদ নূর।
ধর্ম নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে আসাদ নূর বলেন, গত এক থেকে দেড় বছর ধরে তিনি কোনো ধর্মের সমালোচনা করেন না। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেও তাঁর ভালো লাগে না। তাঁর মতে, সমাজে যেমন ভালো ধার্মিক মানুষ রয়েছেন, তেমনি ভালো নাস্তিকও রয়েছেন।
পারশার পরিবার সম্পর্কেও প্রশংসা করেন আসাদ নূর। তিনি বলেন, পারশা তাঁর বাবা-মায়ের অত্যন্ত আদরের এবং একমাত্র সন্তান। তাঁর বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। ছোটবেলা থেকেই গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে উঠেছেন পারশা। তাঁর ক্যারিয়ার ও যোগ্যতার প্রতি পূর্ণ সম্মান রেখেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পারশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ট্রল ও অপপ্রচারেরও সমালোচনা করেন আসাদ নূর। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে নারীদের ব্যক্তিগত মর্যাদা ও সম্মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।






