চাঁপাইনবাবগঞ্জে আদালতের কর্মীদের বিরুদ্ধে ঘু*ষ দাবির অভিযোগ বিএনপি নেত্রীর

চাঁপাইনবাবগঞ্জে বিচারিক আদালতের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে ঘুষ দাবি ও বিচারপ্রার্থীদের হয়রানির অভিযোগ তুলেছেন বিএনপির একনেত্রী। বুধবার দুপুরে জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহনাজ খাতুন। তিনি অভিযোগগুলোর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

লিখিত বক্তব্যে শাহনাজ খাতুন বলেন, ২০১৮ সালে তাকে হয়রানির উদ্দেশ্যে পুলিশ গ্রেফতার করতে গিয়ে না পেয়ে তার বোন আফরোজাকে ধরে নিয়ে যায়। পরে তার বোনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলাটি প্রায় নয় বছর ধরে চলমান এবং রায়ের অপেক্ষায় রয়েছে। তবে মামলাটি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. মোক্তার আলী তার কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। ওই টাকা না দেওয়ায় মামলার রায় প্রভাবিত হওয়ার আশঙ্কা করছেন বলেও জানান শাহনাজ।

তিনি আরও বলেন, চলতি বছরের ৬ মে প্রতিপক্ষের বিরুদ্ধে একটি মামলা করেন তিনি। পাঁচ মাস তদন্ত শেষে গত ২১ সেপ্টেম্বর পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এরপর আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ সময় সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. মাসুদ তাঁর কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেন শাহনাজ। তার দাবি, টাকা দিলে আসামিকে কারাগারে নেওয়া হবে বলে তাকে জানানো হয়।

এ ছাড়া জেলা জজ আদালতের নকল শাখায় মামলার নথি বা নকল সংগ্রহ করতে গেলে অতিরিক্ত অর্থ আদায় করা হয় বলেও অভিযোগ করেন তিনি। শাহনাজের দাবি, অতিরিক্ত অর্থ দিতে অস্বীকৃতি জানানোয় নকল শাখার প্রধান রুহুল আমিন ও শরিফা খাতুন নকল সরবরাহে অযৌক্তিক বিলম্ব করছেন। এ বিষয়ে অভিযোগ জানাতে বিচারকের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েও পাননি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে শাহনাজ খাতুনের ছোট বোন আফরোজা বেগম ও আত্মীয় রেজওয়ান উপস্থিত ছিলেন। এ বিষয়ে পেশকার মো. মোক্তার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘুষ দাবির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।