আজকের চাঁপাই | আপডেট: 6:49 PM, November 11, 2026
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন অভিযান
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে এবং মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নামো শংকরবাটি এলাকার নতুনহাট ও মোল্লাপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানে পৌরসভার বিশেষ ‘টিম নম্বর-৬’-এর সদস্যরা একযোগে অংশ নেন। বিকেল থেকেই তারা ওই এলাকার অলিগলি, ড্রেন, ঝোপঝাড় এবং মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত স্থানগুলোতে ফগার মেশিনের সাহায্যে ধোঁয়া ছড়িয়ে দেন। একই সঙ্গে জমে থাকা পানি ও নালা-নর্দমায় লার্ভা ধ্বংসের জন্য লার্ভিসাইড ওষুধ ছিটানো হয়।
অভিযান চলাকালে পরিচ্ছন্নতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক বার্তাও পৌঁছে দেন। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার কিংবা অন্য কোনো পাত্রে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
স্থানীয় বাসিন্দা জানান, সম্প্রতি মশার উপদ্রব কিছুটা বৃদ্ধি পাওয়ায় তারা চিন্তিত ছিলেন। ফগার মেশিন ও লার্ভিসাইড প্রয়োগের ফলে এলাকায় মশার প্রকোপ কমবে বলে তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি তারা এই অভিযান নিয়মিত অব্যাহত রাখার অনুরোধ জানান।
পৌরসভার এই জনগুরুত্বপূর্ণ অভিযানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হিসাবরক্ষক রবিউল আওয়াল, সহকারী বাজার আদায়কারী তরিকুল ইসলাম, হিসাব সহকারী হামিদুরজ্জামান নাহিদ, পৌরসভার মহলিা টিকাদান কর্মী জাহানারা খাতুন ও রোকশানা বেগম। এছাড়াও পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। নাগরিকদের সচেতনতা ও পৌরসভার সম্মিলিত প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জ শহরকে ডেঙ্গুমুক্ত রাখা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।






