আজকের চাঁপাই | আপডেট: 11:04 AM, November 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক পরিচালক কামরুল আরেফিন বুলু মিয়ার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কৃষিবিদ কামরুল আরেফিন বুলু মিয়ার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টায় খালঘাট সেন্ট্রাল ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খালঘাট গোরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মরহুমের জানাজায় জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সর্বস্তরের মানুষের ঢল নামে। এতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন।
এছাড়াও জানাজায় অংশ নেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের সভাপতি আকবর হোসেন, হেফজুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক, মরহুমের চাচা আলহাজ্ব শামসুল হকসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন, কৃষি ও ব্যবসা খাতে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, কৃষিবিদ কামরুল আরেফিন বুলু মিয়া রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।






