আজকের চাঁপাই | আপডেট: 9:45 PM, November 15, 2026
এনডিএফের পর এবার জামায়াত থেকেও বহিষ্কার ডা. ইসমাইল হোসেন
চাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ডা. ইসমাইলের বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে। এ বিষয়ে তদন্তের পর তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মীকে ডা. ইসমাইলের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা চলাফেরা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ডা. ইসমাইল তাদের সঙ্গে ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে দলের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির অভিযোগ ওঠে। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।
তবে ডা. ইসমাইল হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, তিনি কখনো জামায়াতের কর্মী ছিলেন না। তবে তিনি সংগঠনটির শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং ইসলামী ছাত্রশিবির করতেন বলে উল্লেখ করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সহসভাপতির পদ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি দেওয়া হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
এদিকে একই দিন চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দখলের আশঙ্কায় ডা. ইসমাইলের চেম্বার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগের দিন ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান লোকজন নিয়ে হাসপাতালে গিয়ে মালিকানা দাবি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ চেম্বার বন্ধের নোটিশ দেয়।
এ ছাড়া হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগও তোলা হয়েছে ডা. ইসমাইলের বিরুদ্ধে।






