আজকের চাঁপাই | আপডেট: 9:47 PM, November 15, 2026
৪৫ বছর পর শুরু হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার
দীর্ঘ ৪৫ বছর পর সামরিক আদালতে শুরু হতে যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া। এ ঘটনায় জড়িত এবং বর্তমানে জীবিত একমাত্র সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করার পরই এই বিচার প্রক্রিয়া আলোর মুখ দেখল।
গত জুলাই মাসে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হন মেজর মোজাফফর। পরবর্তীতে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র জানায়, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা ও বইয়ের তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের সশস্ত্র হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেদিনের সেই হামলায় অংশ নেওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের মধ্যে তৎকালীন মেজর মোজাফফর হোসেন অন্যতম ছিলেন।
দীর্ঘ সাড়ে চার দশক পর এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে অবশেষে তিনি বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।






