আজকের চাঁপাই | আপডেট: 2:46 PM, November 15, 2026
চাঁপাইনবাবগঞ্জে ওসি ও এসআইয়ের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে একটি সড়ক দূর্ঘটনাকে কেন্দ্র করে প্রাইভেট কার আটকে ৫ লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সাবেক ওসি নূরে আলম ও এসআই আরিফের বিরুদ্ধে। আর চাহিদামতো টাকা না দেয়ায় আটককৃত কারটি ভাঙ্গচুর করা হয়।
আজ রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জেলার গোমস্তাপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মাহফুজা খাতুন।
সংবাদ সম্মেলনে মাহফুজা খাতুন অভিযোগ করে বলেন, চলতি বছরের ৬ জানুয়ারি সন্ধ্যায় চিকিৎসা গ্রহণ শেষে তিনি তার প্রাইভেটকারে করে ফিরছিলেন। পথিমধ্যে গাড়িটির সাথে অতিরিক্ত যাত্রীবোঝায় দুটি ব্যাটারিচালিত অটোরিকসাকে ধাক্কা লাগে। এতে ৯ বছরের এক শিশু আহত হয়। পরবর্তীতে কারটিসহ দুটি অটোরিকসা আটক করে পুলিশ। এসময় কারটিকে ছেড়ে দেয়ার তার কাছে তৎকালীন সদর থানার ওসি ও এসআই আরিফ ৫ লাখ টাকা দাবি করে। কিন্তু সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ঘটনার প্রায় ১৬ দিন পর পুলিশ মামলা দিয়ে প্রায় ৯ মাস হয়রানী করে। অন্যদিকে এঘটনায় ওসির বিরুদ্ধে মামলা করতে গেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে গেলে বিচারক মামলা গ্রহণ করেননি। পরবর্তীতে প্রায় ৯ মাস হয়রানীর পর গত ২৭ সেপ্টেম্বর কারটি তার জিম্মায় দেয়া হয়।
এসময় কারটি আনতে গিয়ে তিনি দেখেন দূর্ঘটনার সময় কারটি যে অবস্থায় ছিল বর্তমানে সেই অবস্থায় নেয়। কারটির বিভিন্ন অংশে ভাঙ্গচুর করা হয়েছে এবং এজন্য পুলিশ দায়ি বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীর শাস্তি দাবি করেন এবং এই সংবাদ সম্মেলনের পর তাকে পুলিশ গ্রেফতার বা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার শংকা প্রকাশ করেছেন তিনি।
এ ব্যাপারে জেলা পুলিশ অফিসের অপরাধ শাখায় কর্মরত ওসি নূরে আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি সমপূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।






