আজকের চাঁপাই | আপডেট: 11:46 AM, November 22, 2026
বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেছে মেয়েরও। রোববার (২২ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগরে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন হাউসনগরের বকুল হোসেনের স্ত্রী মিলি খাতুন ও তাঁদের মেয়ে লিমা খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ির সামনে দোকানের গেট খুলতে গিয়ে নিরাপত্তার জন্য রাখা লোহার রডে হাত দেন মিলি এবং বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে উদ্ধারের চেষ্টা করলে মেয়ে লিমাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সকাল ৭টা ৪৫ মিনিটে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হবে।






