চাঁপাইনবাবগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিআইজি

চাঁপাইনবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।

রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলাস্থ চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি শুভেচ্ছা মতবিনিময় করেন। এসময় ডিআইজি ও তার পত্নীকে মন্দির কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা, উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

এছাড়া পুলিশ সুপার ও তার পত্নীসহ অন্যান্য অতিথিকে ফুলের শুভেচ্ছা, উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) একরামুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, মন্দির কমিটির সভাপতি বাসুদেব নন্দী ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাস প্রমুখ। পরে, ডিআইজি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাইশপুতুল দূর্গা মন্দির ও শিবগঞ্জ উপজেলায় পূজা মন্ডপ পরিদর্শন করেন।

ডিআইজি বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রয়োজন অনুযায়ী বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।