যে দলের নেতা সমর্থকদের ফেলে পালায় সে দলের কর্মীরা দল বর্জন করবেই: এমপি বুলবুল

ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, তার রাজনৈতিক দল অস্তিত্বের সংকটে। যেই দলের নেতা মর্থকদের ফেলে পালিয়ে যায়, সেই দলের কর্মীরা আজ হোক বা কাল হোক দলকে বর্জন করবেই। সেই দল আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জসহ সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, গণভোটের গণরায় না মেনে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার। সরকার যদি গণভোট না মানে ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করতে জনগণ পাশে দাঁড়াবে না।

নুরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ প্রধান সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে পাঁয়তারা করছেন তা কখনোই বাস্তবায়িত হবে না। তারা এদেশে ফিরতে পারবে না। আওয়ামী লীগের জনশক্তিদেরকে চাঙ্গা রাখার জন্যই সে এরকম খেলা খেলতেছে। আওয়ামী লীগ গোপালগঞ্জসহ সারাদেশে যে সন্ত্রাস এবং নৈরাজ্য তৈরি করছে তা অচিরেই বন্ধ করতে হবে, কোনো ধরনের শিথিলতা জনগণ মেনে নিবে না। সরকার যদি ব্যর্থ হয় জুলাই আন্দোলনের মতো আপামর ছাত্র-জনতা আবারো দেশকে স্থিতিশীল করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি সেক্রেটারি জেনারেল মাও. আব্দুস সবুরসহ অন্যান্যরা।

জেলা জামায়াতের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।