চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন সদর থানা

চাঁপাইনবাবগঞ্জে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় জেলা পুরাতন স্টেডিয়ামে এই শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৪০ মিনিটের খেলায় ৫৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় সদর থানা কাবাডি দল। আর ২৮ পয়েন্ট পেয়ে রানাআপ হয় নাচোল থানা কাবাডি দল।

জাতীয় খেলা কাবাডিকে পুনরুজ্জীবিত করতে এবং পুলিশ ও জনগণের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এই বিকেল গড়ানোর আগেই ঐতিহ্যবাহী এই গ্রামীণ খেলাটি উপভোগ করতে জেলা পুরাতন স্টেডিয়ামে ক্রীড়ামোদী দর্শক ও সাধারণ মানুষের ঢল নামে। কানায় কানায় পূর্ণ গ্যালারির দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ। ফাইনালে মুখোমুখি হওয়া দল দুটির খেলোয়াড়দের দুর্দান্ত রেড, দক্ষতার সাথে বোনাস পয়েন্ট আদায় এবং অসাধারণ ট্যাকটিকাল লড়াইয়ে মাঠ জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করে। দুই দলের খেলোয়াড়দের সমানে সমানে লড়াই উপস্থিত সর্বস্তরের দর্শককে মুগ্ধ করে।

খেলা শেষে সমাপনী মাঠে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি, মেডেল এবং প্রাইজমানি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সালহে মোঃ মুসা জঙ্গী। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।