আজকের চাঁপাই | আপডেট: 9:20 AM, September 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি জানায়, বুধবার রাতে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মালিকবিহীন ভারতীয় ট্রাকে তল্লাশি চালিয়ে পাথরের মধ্যে লুকানো ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে ভোলাহাট উপজেলার আলীমোড় এলাকায় খড়কপুর বিওপির বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় ১৩৫টি বিভিন্ন মডেলের ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি ইজিবাইক জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, উদ্ধার করা মোবাইল ফোন ও ইজিবাইকের মোট সিজার মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকের চালক পালিয়ে যায়। দুটি অভিযানে জব্দ করা চোরাচালান পণ্য ও যানবাহনের মোট সিজার মূল্য ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দ করা চোরাচালান পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।






