চাঁপাইনবাবগঞ্জে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৩ টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার রানীহাটি-বৈলতলা থেকে তিন জন এবং শিবগঞ্জ উপজেলার মনাকষা ও শ্যামপুর থেকে আরও তিন জনকে গ্রেপ্তার করা হয়।

বুহস্পতিবার দুপুরে সদর মডেল থানায় প্রেস ব্রিফিং-এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার হাউসনগরের আব্দুস সালাম, দাদনচক এলাকার সোহেল রানা ও মো. আসিফ, তারাপুর মুন্নাপাড়ার মোহাম্মদ আলী, শ্যামপুর সাহাপাড়ার ইমন রেজা ও কয়লাদিয়াড় গ্রামের মো. আশিক।

অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল বুধবার রাত দেড়টার দিকে রানীহাটি-বৈলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে আব্দুস সালাম, সোহেল রানা ও মো. আসিফকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আলী, ইমন রেজা ও মো. আশিককে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরেই মোটরসাইকেল চুরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তারা মোটরসাইকেল চুরির পর জেলার বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে। কোন কোন ক্ষেত্রে মোটরসাইকেল বিক্রি করতে না পারলে এর পার্টস খুলে বিক্রি করে।

তাদের বিরুদ্ধে আগেও মোটরসাইকেল চুরির মামলা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আদালতে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।