গ্রিন ভিউ স্কুলে প্যানিক অ্যাটাক, একের পর এক ছাত্রী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে একই শ্রেণির চার ছাত্রী অসুস্থ হয়েছেন। বুধবার সকালে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর কক্ষে ছাত্রীরা একে একে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা বলছেন- ভয় বা আতঙ্ক থেকে এটি হতে পারে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, সকালে ষষ্ঠ শ্রেণির ক্লাশ চলাকালীন হঠাৎ এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো। এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে শিক্ষক-অভিভাবকদের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আবারও ক্লাশ শুরু হলে একে একে আরও তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও বলেন, পরে অভিভাবকদের ডেকে অসুস্থ হওয়া তিন শিক্ষার্থীকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। যদিও একসঙ্গে চার শিক্ষার্থী অসুস্থ হওয়ায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে পরক্ষণের তা ঠিক হয়ে যায় এবং বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহবুব হাসান বলেন, ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। সে আশঙ্কামুক্ত।

মাহবুব হাসান আরও বলেন, এটা ম্যাস সাইকোজেনিক ইলনেশ (গণ হিস্টিরিয়া)। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাধারণত তীব্র মানসিক চাপ বা ভয়-আতঙ্ক থেকে এটা হতে পারে। একজন অসুস্থ হওয়ার পর আতঙ্কিত হয়ে বাকীরা অসুস্থ হয়েছে।