আজকের চাঁপাই | আপডেট: 1:54 PM, September 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ শহরে কলেজছাত্রকে মারধর করে ‘মোবাইল-টাকা ছিনতাইয়ের চেষ্টা’
চাঁপাইনবাবগঞ্জে কলেজ শিক্ষার্থী নাদিম হাসান সোহানকে মারধর করে মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে শাহীন নামে এক কিশোরকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তবে এ ঘটনায় জড়িত তার অপর দুই সহযোগী পালিয়ে গেছে।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের গাবতলা মোড় এলাকার স্কুল-কলেজ রাস্তায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আটক শাহীন পৌরসভার শশানঘাট এলাকার ফারুক হোসেনের ছেলে। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে সচেতন মহল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ওই কলেজ শিক্ষার্থী হরিমোহনের পাস দিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষার্থীর মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শিক্ষার্থীর মানিব্যাগ ও কলেজের ভর্তির কাগজ নিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় শিক্ষার্থীর চিৎকার শুনে আশেপাশের স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত এগিয়ে আসেন। জনতা চারদিক থেকে ঘিরে ফেলে ধাওয়া দিয়ে শাহীনকে ধরে ফেললেও বাকি দুইজন পালিয়ে যায়। উত্তেজিত জনতা আটক কিশোরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
শহরের কেন্দ্রস্থলে এবং শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন রাস্তায় সন্ধ্যার পর এমন দুঃসাহসিক ছিনতাইয়ের চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল। তাদের মতে, কিশোর গ্যাং ও মাদকাসক্তদের আনাগোনা বৃদ্ধির কারণেই শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি ঘটছে। তারা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তার এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






