চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কানিজা আফরোজ নামের এক নারী ডেঙ্গু জ্বরের পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় হাসপাতালের কয়েকজন দালালরা তাকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে জেলা হাসপাতালে এ ঘটনা ঘটেছে। আহত নারী হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান এলাকার বাসিন্দা কানিজ আফরোজ।

আহত নারীর অভিযোগ, তার ছেলের ডেঙ্গু জ্বরের পরিক্ষা-নিরিক্ষার বিষয়ে হাসপাতালের বহির্বিভাগে যায় সে। পাশ থেকে কয়েকজন ব্যক্তি তাঁকে ও তাঁর ছেলেকে ক্লিনিকে নিয়ে যেতে চাইলে সে রাজি না হলে অকথ্য ভাষায় গালাগাল করেন। তাদের জোর করে হাসপাতালে থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে কয়েকজন প্লাস্টিকের পাইপ ও রডসহ বিভিন্ন জিনিস দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিলে মাথায় তিনটি সেলাই দেওয়া হয়।

কানিজা আফরোজ আরো বলেন, সরকারি হাসপাতালটিতে কথিত দালালদের দৌরাত্ম্য রয়েছে। তাঁরা বিভিন্ন রোগী ও স্বজনকে নানা কথা বলে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এর প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন। তবে দালালদের পরিচয় না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাহবুব হাসান বলেন, হাসপাতালে কোনো কর্মচারী সেখানে না থাকায় এবং কেউ এগিয়ে না আসায় দালালরা এ ঘটনা ঘটিয়েছে। দায়ীদের শনাক্ত করার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহত নারী আইনি ব্যবস্থা নিলে তাঁকে সহায়তা করা হবে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার তাপসী রানী নিশ্চিত করে জানান, হাসপাতালে মারধরের বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।