চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৩ মোবাইল ফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে; যেগুলো ভারত থেকে চোরাই পথে আনা হয় বলে ভাষ্য বিজিবির। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

সোমবার সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

বিজিবি জানায়, সকালে বিজিবির মনোহরপুর বিওপি একটি টহল দল ওই এলাকায় অভিযানে যায়। এ সময় ১৪৩টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।