আজকের চাঁপাই | আপডেট: 8:11 AM, October 25, 2026
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুলশিক্ষিকার
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাজেরা বেগম নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর বাজারের মৃত ছনু মিয়ার স্ত্রী। তিনি শিবগঞ্জ ফ্রিডম স্কুল এন্ড কলেজের একজন শিক্ষিকা ছিলেন। এসময় স্কুল শিক্ষিকার ভাই মোটরসাইকেল চালক শাহজাহান আলী গুরুতর আহত হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকালে হাজেরা বেগম তাঁর ভাই শাহজাহান আলীর সঙ্গে মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরে চিকিৎসার জন্য আসছিলেন। পথিমধ্যে লালাপাড়া মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলি তাঁকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






