আজকের চাঁপাই | আপডেট: 2:37 AM, October 25, 2026
নারী আসনের মনোনয়ন ঘিরে আলোচনায় পাপিয়া
সংরক্ষিত নারী সংসদীয় আসনে মনোনয়ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন জেলার তৃণমূলের একাংশের নেতাকর্মীরা। তাঁদের মতে, রাজনৈতিক অভিজ্ঞতা, সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা, যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপনের দক্ষতা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি এ পদের জন্য বিবেচিত হতে পারেন।
চাঁপাইনবাবগঞ্জ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে এমন একজনকে মনোনয়ন দেওয়া প্রয়োজন, যিনি সংসদে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি জেলার উন্নয়ন ও স্থানীয় মানুষের স্বার্থ তুলে ধরতে পারবেন। এ ক্ষেত্রে সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার নাম আলোচনায় রয়েছে বলে দাবি তাঁদের।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা তোসিকুল ইসলাম তসি বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে শুধু দলীয় আনুগত্য নয়, সংসদে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা, রাজনৈতিক অভিজ্ঞতা, আইন ও নীতিনির্ধারণ সম্পর্কে জ্ঞান এবং যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপনের দক্ষতাকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এসব বিবেচনায় সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা যেতে পারে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম বলেন, আইন প্রণয়ন, সংসদীয় বিতর্ক, বিভিন্ন কমিটির কার্যক্রম এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা রাখার যোগ্যতা পাপিয়ার রয়েছে বলে তাঁরা মনে করেন।
তিনি আরও বলেন, পাপিয়া এর আগে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি দলের দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব পাওয়া উচিত।
তৃণমূলের নেতাকর্মীদের দাবি, মনোনয়নপ্রত্যাশীদের ক্ষেত্রে একই মানদণ্ডে রাজনৈতিক অভিজ্ঞতা, সংসদীয় কার্যক্রমে দক্ষতা, আইন ও নীতিনির্ধারণে ভূমিকা এবং জনসম্পৃক্ততার ইতিহাস মূল্যায়ন করা হোক। তাঁদের মতে, এতে মনোনয়ন প্রক্রিয়ায় যোগ্যতা ও অভিজ্ঞতার যথাযথ প্রতিফলন ঘটবে।
চাঁপাইনবাবগঞ্জ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আশা করছেন, দলের মনোনয়ন বোর্ড সম্ভাব্য প্রার্থীদের সামগ্রিক রাজনৈতিক অভিজ্ঞতা ও সংসদীয় ভূমিকা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াকেও বিবেচনায় রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে বিএনপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা এক ডজনের বেশি। অঙ্গসংগঠনের দীর্ঘদিনের সক্রিয় নেত্রীদের পাশাপাশি সংসদে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা রয়েছে—এমন নারীদেরও বিবেচনা করা হবে। সব দিক পর্যালোচনা করে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রার্থী চূড়ান্ত করবেন বলে জানান তিনি।
সব মিলিয়ে সংরক্ষিত নারী আসন ঘিরে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা বাড়ছে। তবে শেষ পর্যন্ত কে মনোনয়ন পাবেন, তা নির্ভর করবে দলের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।






