চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার জাল টাকাসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টি এলাকার মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মানিক (৩৮) ও চাঁদ শিকারী গ্রামের ইউসুফ আলী (৫০)।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী এবং সিপিসি-১, এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জের যৌথ আভিযানিক দল মুকিম মার্কেটের একটি দোকানে অভিযান চালায়। এ সময় তিনজনকে জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাঁদের হেফাজত থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের ও উদ্ধার করা আলামতসহ তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।